শাহজাদপুরে কাজী নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

0
শাহজাদপুরে কাজী নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমন্বয়ে ‘অন্তরে শাশ্বত নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিকেল ৫ টায় শিশু শিল্পীদের পরিবেশিত সংগীতানুষ্টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ বাবলু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক শাহ আলম, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রীনা , সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত, পূরবী সংগীত বিদ্যালয়ের পরিচালক ওস্তাদ শ্যামল কুমার সাহা, নজরুল সাংস্কৃতিক পরিষদের পরিচালক ওস্তাদ বায়েজিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মমিন বাবলু প্রমুখ।

প্রধান অতিথি সাবরিনা শারমিন বলেন , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা কাব্য সাহিত্যের অঙ্গনে কবি নজরুল একটি বিস্ময়কর নাম। নজরুল ইসলাম একমাত্র কবি যিনি সম্পূর্ণ রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে বাংলা সাহিত্য অঙ্গনে আবির্ভূত হন। তিনি ছিলেন সাম্যের কবি , মানবতার কবি। তার কাব্য সাহিত্যের সর্বত্রই শোষিত , নিপীড়িত, বঞ্চিত ও লাঞ্ছিতদের জয় গান গেয়েছেন। তিনি ছিলেন গণমানুষের কবি। তিনি মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন। দেশকে ভালোবাসতেন তিনি অন্তর দিয়ে। নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে।

তাই নজরুলকে আমাদের জানতে হবে , বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।