রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু

0
রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু

ঈশ্বরদী প্রতিবেদক: রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু কর্পোরেশন রসাটম কালুগা অঞ্চলে নতুন একটি রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EAEU)-এর গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে প্ল্যান্টটির দুটি উৎপাদন লাইন চালু করা হয়েছে। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রসাটমের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে প্ল্যান্টটি পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতায় পৌঁছাবে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই স্থাপনা রাশিয়ার রেডিওফার্মাসিউটিক্যালের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা ও শিল্পখাতকে আরও শক্তিশালী করবে।

প্ল্যান্টটিতে রেডিয়াম-২২৩ ও অ্যাক্টিনিয়াম-২২৫সহ বিভিন্ন রেডিওনিউক্লাইডভিত্তিক রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন করা হবে। রেডিয়াম-২২৩ মূলত হাড়ে ক্যান্সারের মেটাস্টেসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। অন্যদিকে, অ্যাক্টিনিয়াম-২২৫ একটি আলফা-এমিটার, যা লক্ষ্যভিত্তিক ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ।

নতুন স্থাপনায় রাশিয়ার তৈরি স্বয়ংক্রিয় সিন্থেসিস মডিউল স্থাপন করা হয়েছে। এসব মডিউল প্রতি শিফটে কমপক্ষে ১০০ ভায়াল রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনে সক্ষম। রসাটমের তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় ব্যবস্থাটি উৎপাদন ব্যাচের ধারাবাহিকতা ও মানোন্নয়নে সহায়তা করবে। একই সঙ্গে মানবসৃষ্ট ত্রুটির ঝুঁকি কমানোর পাশাপাশি নতুন ওষুধের উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

প্ল্যান্টটিতে তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য রোবোটিক প্রযুক্তিনির্ভর একটি স্বয়ংক্রিয় ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যমে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রসাটমের মতে, নতুন এই স্থাপনায় রেডিওআইসোটোপ উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত রেডিওফার্মাসিউটিক্যাল প্রস্তুত পর্যন্ত একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ উৎপাদন চক্র গড়ে তোলা হবে। এর ফলে রাশিয়ার নিজস্ব রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।