তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

0
তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে থানা পুলিশ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মন্টু (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে বলে পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশ জানায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (৩১ আগস্ট) রাতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ট্রেনটি রাজশাহী রেলওয়ে থানাধীন হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশের আউটার অতিক্রম করার সময় ট্রেনের ‘ট’ বগির পশ্চিম পাশের করিডোরে অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ সদর থানার সরিজপুর দক্ষিণপাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. মন্টুকে আটক করা হয়। পরে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট তল্লাশি করে দুই পাতায় থাকা মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি ট্যাবলেটের ওজন ১০০ মিলিগ্রাম এবং পাতাসহ ট্যাবলেটগুলোর মোট ওজন ৮ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ৪ হাজার ৪০০ টাকা।