রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা

0
রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা

ঈশ্বরদী প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিজিং বর্ডার্স: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সাংস্কৃতিক চা আড্ডা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী’র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাশিয়া থেকে আগত ২০ জন শিক্ষার্থী এবং পিইউএসটির বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিক হায়দার ও মো. আহসান হাবিব।

রবিবার (৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালকরা অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের বাংলাদেশ শাখার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আনাস্তাসিয়া বাজেনোভা। সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তাঁরা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ভাষা বিনিময় পর্ব। এতে বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীরা একে অপরের ভাষার বিভিন্ন শব্দ ও বাক্য শেখার পাশাপাশি নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। এতে দ্রুত একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।

পরবর্তী আলোচনা পর্বে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। আলোচনায় বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশেষ করে পারমাণবিক শক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা চক্রের আড্ডা। এ সময় দুই দেশের শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি, দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। আনুষ্ঠানিক আলোচনার বাইরে এ আড্ডা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।

পরে রুশ শিক্ষার্থীরা পিইউএসটির ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি শিক্ষা ও ক্যাম্পাস জীবন সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, রুশ ও বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র গ্রহণের মাধ্যমে এ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের তরুণদের সরাসরি যোগাযোগ ভবিষ্যতে নতুন সহযোগিতার পথ তৈরি করতে পারে।