টাঙ্গুয়ার হাওর-নীলাদ্রি রক্ষায় মাঠে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা

0
টাঙ্গুয়ার হাওর-নীলাদ্রি রক্ষায় মাঠে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা
তাহিরপুর প্রতিনিধি: প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকের সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে এবার পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে নেমেছে প্রশাসন,পরিবেশ অধিদপ্তর ও স্বেচ্ছাসেবীরা। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য দূষণ রোধ এবং পরিবেশবান্ধব পর্যটনের পরিবেশ তৈরি করতে রোববার (৬ সেপ্টেম্বর) টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকসহ সুনামগঞ্জের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওর এবং প্রাকৃতিক সৌন্দর্যের নীলাদ্রি লেককে ঘিরে পর্যটনের চাপ বাড়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার সদস্যদের পরিবেশ সংরক্ষণে শপথ পাঠ করানোর মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক,সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফজলুল করিম টিপু,পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.মোহাইমিনুল হক,পরিদর্শক সাইফুল ইসলাম এবং বেসরকারি সংস্থা সিএনআরএসের প্রতিনিধি সাইফুল ইসলাম।এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন জয়পুর নতুনহাটির পশ্চিম পাশে একটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। পর্যটকদের হাওরের পরিবেশ রক্ষা, যত্রতত্র বর্জ্য না ফেলা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন,টাঙ্গুয়ার হাওরের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রক্ষায় শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়,পর্যটক ও স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতাও সমান জরুরি।প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও দায়িত্বশীল পর্যটন সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।