মিরপুরকাণ্ডে জড়িতদের ছাড় নয়, এলপিজির কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

0
 মিরপুরকাণ্ডে জড়িতদের ছাড় নয়, এলপিজির কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

বাংলাদেশ প্রতিবেদকঃ মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনা এবং বাজারে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থান ও সুস্পষ্ট বার্তা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হামলা বা ভাঙচুরে ক্ষমতাসীন দলের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি দেশে এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় ক্ষমতাসীন দলের কয়েকজনের নাম আসার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তাই কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলে বা স্থাপনায় হামলা হলে সরকার আন্তরিকভাবে ব্যথিত ও বিব্রত হয়।

ঘটনায় জড়িতদের বিচারে আশ্বস্ত করে তিনি বলেন, “তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।” সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের গুরুত্ব স্বীকার করে তিনি উল্লেখ করেন, পুলিশের তদন্তই আদালতে অভিযোগপত্রের (চার্জশিট) মূল ভিত্তি হবে এবং পুলিশি তদন্তে অপরাধ নিশ্চিত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।

দেশের এলপিজি বাজার পরিস্থিতি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান তুলে ধরে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে এলপিজি গ্যাসের কোনো ঘাটতি নেই।

আগস্ট মাসের আমদানি ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন। সেপ্টেম্বর মাসের আমদানি (এখন পর্যন্ত) ১ লাখ ১৮ হাজার টন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমদানিকারক ও অপারেটরদের সাম্প্রতিক পর্যালোচনা সভায় ব্যবসায়ীরা দেশে এলপিজির সরবরাহ ও মজুত সন্তোষজনক বলে আশ্বস্ত করেছেন।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও দেশের কিছু জায়গায় দাম বাড়ার প্রবণতা দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে এক ধরণের জল্পনামূলক প্রবণতার (speculative trend) কারণে দামে কিছুটা প্রভাব পড়তে পারে, যা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে কোনো অসাধু চক্র যদি অসৎ উদ্দেশ্যে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করে, তবে সরকার তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে।