চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভুটভুটি রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আয়েস উদ্দিন (৭০), পিতা-মৃত নবাবজান, সাং-পুলিশ মাইল ঝাবু বাজার, শিবগঞ্জ এবং তাঁর ছেলে শরিফুল ইসলাম (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কানসাট থেকে গোমস্তাপুরগামী একটি ভুটভুটিতে করে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন। পথে বুড়িপুকুর (পুসকুনি) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান এবং ভুটভুটিতে থাকা আরও আটজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আবু সাঈদ (৩৬), মো. মধু (৬০), মো. আব্দুল হাকিম (৫৫), মো. জব্দুল হক (৪০), মো. হেলাল উদ্দিন (৫৫), মো. কাজেম আলী (৪৭) ও মো. আব্দুল হামিদ চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

