চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জনসাধারণ। বুধবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট নানারকম অপরাধ ও সন্ত্রাসবাদে জড়িত। এলাকার তরুণ-যুবকদের হাতে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা তুলে দেয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে ভবিষ্যত প্রজন্ম। গত সোমবার মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীকে। এনিয়ে ইউপি সদস্য রাতে থানায় অভিযোগ দিতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে থানার সামনেই মারধর করে। ইউপি সদস্য ছাড়াও সাধারণ মানুষ মাদকের প্রতিবাদ করলেই হুমকি, ভয়ভীতি ও হামলা করে মাদক কারবারিরা। মাদক ও সন্ত্রাসবাদের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ভুক্তভোগী পলাশ আলী, পলি বেগম, জলিল আলী, মনিরুল ইসলামসহ অন্যান্যরা। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

