রংপুর সিটির ১৬৪ পূজা মন্ডপে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান

0
রংপুর সিটির ১৬৪ পূজা মন্ডপে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান

জয়নাল আবেদীনঃ রংপুর নগরীর ১৬৪টি পূজামন্ডপে ১৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামন্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি‘র সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এ উৎসবকে ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাই পূজামন্ডপ গুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।ডন আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পূজামন্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।