প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

0
প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

মাসুদ রানা রাব্বানী : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে। বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা তাঁর।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজশিয়া সফরের সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। নগরীর দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।