তাহিরপুর প্রতিনিধি: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড ও দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বাদাঘাট বাজারে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি আলোচিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার তাহিরপুর প্রতিনিধি আবির হাসান মানিক বলেন, আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন বলেন, অন্যায় ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক। এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দৈনিক মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকাণ্ড ও হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দৈনিক ইত্তেফাকের তাহিরপুর প্রতিনিধি সাব্বির আলমসহ অন্য বক্তারাও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজসেবক আবুল হোসেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ এবং গণকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। এর তিন দিন পর, ১৮ অক্টোবর সন্ধ্যায় দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তাই এসব ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

