রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

জয়নাল আবেদীন: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রংপুরে রোড শো ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কেবল পরিসংখ্যানের কোনো সংখ্যা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ এবং প্রিয়জন হারানোর বেদনা। একটি দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সব স্বপ্ন ভেঙে দিতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে।

ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।এ সময় তারা মোটরযান চালকদের উদ্যোশ্যে বলেন, গতিসীমা মেনে চলুন, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরযান চালাবেননা। সিটবেল্ড বাধা ব্যাতিত মোটরযান চালাবেন না। মোটরযান চলাকালে মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করবেননা।

মোটরসাইকেল চালকদের প্রতি আহবান জানিয়ে বলেন, মোটরসাইকেল চলাকালে চালক ও আরোহী উভয় মানসম্মত হেলমেট ব্যবহার করুন। মোটরসাইকেল চলাকালে একের অধিক আরোহী উঠবেন না।যাত্রীদের প্রতি আহবান জানিয়ে বলেন, চলন্ত মোটরযানে উঠানামা করবেন না, পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীকে অবহিত করুন। তাড়াহুড়া করে গাড়ি থেকে নামবেন না, গাড়িতে উঠতে ডান পা ও নামতে বাম পা ব্যবহার করুন।

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও রংপুর বিভাগীয় কমিশনার মোহা. জাহাঙ্গীর আলম।জেলা পরিষদের প্রশাসক রংপুর জেলা বিএনপি‘র আহবায়ক মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে রোড শো অথাৎ নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক বার্তা প্রচার এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।