রংপুর ঢাকা মহাসড়কে ট্রাককে কোচের ধাক্কায় নিহত ৩ আহত ১৮

0
রংপুর ঢাকা মহাসড়কে ট্রাককে কোচের ধাক্কায় নিহত ৩ আহত ১৮

জয়নাল আবেদীন: রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে ঢাকা কোচের ধাক্কায় ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। এর মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎‎বুধবার ভোরে, রংপুর-ঢাকা মহাসড়কের, মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২ জন। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর পুত্র মোজাফফর হোসেন । বড় দরগা হাইওয়ে পুলিশের দারোগা মোয়াজ্জেম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৩-১৯২৫ ) কোচ, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-৬৬২৮) পেছনে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ-ফায়ার সার্ভিস, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতায় ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ১১ জনকে। মেডিকেল কলেজ হাসপাতালের সরদার আব্দুল জলিল জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তিদের মধ্যে দু'জন মারা গেছে। তাদের লাশ ওয়ার্ড থেকে সরদার রুমে দেয়া হয়েছে। তাদেও পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের সার্জারি বিভাগের ডা. গোপাল চন্দ্র বর্মন জানান, ‘দুর্ঘটনায় ১১ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেরই মাথাসহ পুরো শরীরে জখম। এদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ৬ লেনের ওই সড়কটিতে যত্রতত্র ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে রাখায় প্রায়ই দুর্ঘটনা ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ এ ব্যাপারে নির্বিকার।বড় দরগা হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, 'আমরা সীমিত জনবল দিয়ে চেস্টা করি, যেন নির্দিষ্ট স্থানের বাইরে কেউ পার্কিং করে না রাখে। অনেক সময় গাড়ি বিকল হয়ে যাওয়াও পার্কিং হয়। সেক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড দেয়ার নিয়ম থাকলেও অনেকেই দেয় না। এছাড়াও বেশি স্পিডে এবং ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোতেও এ ধরনের দুর্ঘটনা ঘটছে।