চান্দিনায় শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ও অভিভাবক সচেতনতামূলক সভা

0
চান্দিনায় শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ও অভিভাবক সচেতনতামূলক সভা

চান্দিনা প্রতিনিধি: চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় চান্দিনার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটোরিয়ামে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার নির্দেশনায় এই সতর্কতামূলক সভা আয়োজিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি এর অনিয়ন্ত্রিত ব্যবহার ও কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা জানান, একটি মুঠোফোন যোগাযোগ ও জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হলেও সঠিক দায়িত্ববোধ তৈরির আগে এটি শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হয়ে উঠলে তা পড়াশোনার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিয়ন্ত্রিত ইন্টারনেটের অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে কঠোরতা অবলম্বনের পাশাপাশি পরিবারেও নিয়মিত নজরদারি ও সতর্কতা বাড়াতে হবে।

কলেজের অধ্যক্ষ মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. ছালাহ উদ্দিন ও মো. ইকবাল হোসেন। বক্তারা অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের হাতে প্রযুক্তি তুলে দেওয়ার চেয়ে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা অনেক বেশি জরুরি। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে এবং পড়াশোনার পাশাপাশি বিপথগামিতা থেকে দূরে থাকে, সে বিষয়ে অভিভাবকদের আরও অধিক যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোসা. নার্গিস আক্তার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. শাহজাহান কবির, এ কে এম নজরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক, প্রভাষক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।