জয়নাল আবেদীন্: রংপুর আইনজীবী সমিতি কর্তৃক এসোসিয়েটট সদস্যের নামে আইনজীবীদের ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক সব কালো আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আইনজীবীরা।
গতকাল বেলা ২টায় ভোটাধিকার বঞ্চিত বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে রংপুর আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি চলাকালে অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বুলু, অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী, অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট ও অ্যাডভোকেট মোকসেদুল হক।
এ সময় বক্তারা বলেন অবিলম্বে সার্বজনীন ভোটাধিকারসহ সব বৈষম্যমূলক কালো আইন বাতিলের দাবি জানান। চতুর্থ দিনের এই কর্মসূচির পরও আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা না হলে আগামীতে বার কাউন্সিলের নির্বাচন বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয়।নারী শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, বিগত ২৪ বছরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাটা একটি বড় বৈষম্যের উদাহরণ। যে বৈষম্যের জন্য চব্বিশের আন্দোলন হয়েছে। এখন সেই আন্দোলনের ফলাফল আইনজীবীদের কাছে হার মেনেছে। তাই সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। হুমকি দিয়ে কাউকে দাবায়ে রাখা যাবে না।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, সুষ্ঠু সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কারণ দীর্ঘ ২৪ বছর আইনজীবীরা বৈষম্যের স্বীকার। আর নতুন করে কোনো বৈষম্য সহ্য করা হবে না। যত দ্রুত সম্ভব ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।তিনি আরও বলেন, একটা মানুষের গণতান্ত্রিক জন্মগত অধিকার ভোট দেওয়া। কিন্তু ফ্যাসিবাদ একটা আইন তৈরি করেছে যেখানে তরুণ এসোসিয়েট সদস্যরা ভোট দিতে পারবে না। যার কারণে এই ভোটাধিকার থেকে বঞ্চিত নবীন আইনজীবী সদস্যরা।
আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত সমাধান আমাদেরকে জানাতে হবে। আর যদি জানাতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ সামনে নেই।

