
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মামলার এজাহারে সংসদ সদস্য অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিবারের সদস্যসহ বাড়িতে বসবাসরত নিরীহ মানুষদের জীবন্ত পুড়িয়ে হত্যার ঘৃণ্য উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এই সন্ত্রাসী হামলায় বাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এজাহারে উল্লেখ করেছেন যে, এই আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর পৈতৃক সম্পত্তির আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যের বাড়িতে এই ধরনের নাশকতা ও হত্যাচেষ্টার ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার পরপরই তদন্ত শুরু করে। দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, এজাহারে নাম থাকা আসামিদের গ্রেপ্তার করতে এবং নেপথ্যে থাকা অন্য সহযোগীদের শনাক্ত করতে জোর অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাগোয়ান গ্রাম ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা ও পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।
