মূল্যবৃদ্ধির বাজারেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষ তিনবেলা খেতে পারছে: ডা. জাহিদ

0
মূল্যবৃদ্ধির বাজারেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষ তিনবেলা খেতে পারছে: ডা. জাহিদ

জয়নাল আবেদীনঃ সবকিছুর মূল্যবৃদ্ধি সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের মানুষ এখনও নিয়মিত তিনবেলা খাবার নিশ্চিত করতে পারছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিগত সরকারের শাসনামলকে কড়া ভাষায় সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে নজিরবিহীন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যার পরিণতিতে তাদের দেশত্যাগে বাধ্য হতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটলেও সরকারের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষ এখনও স্বস্তিতে তিনবেলা অন্নসংস্থান করতে পারছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, “চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল, এখনও পালিয়ে আছে।”

বিএনপিকে জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সঙ্গে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একই পথ অনুসরণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ দেশের মানুষ তাঁদের প্রতি সবসময় অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন উসকানিমূলক প্রচারণা ও ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, “এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে দেওয়ার পর আপনারা কীভাবে ভাবেন যে বিচার থেকে রেহাই পাবেন? এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতেই হবে। জনগণের ওপর গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি ৫ আগস্টের মতোই হবে।”

বৌদ্ধ ধর্মের মূলবাণী স্মরণ করে মন্ত্রী বলেন, “জগতের সকল প্রাণী সুখী হোক—এটাই বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র।” ধর্ম, বর্ণ ও নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।