আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একজন প্রকৃত মানুষ বানান:  পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একজন প্রকৃত মানুষ বানান:  পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধিঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানকে কয়েকটি ছোট্ট শিক্ষা দিন, যা তার সারাজীবনের সম্পদ হয়ে থাকবে। কারণ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেয়, কিন্তু ব্যবহার পরিচয় দেয় প্রকৃত শিক্ষার। সন্তান বড় কর্মকর্তা হয়ে যদি দূর্নীতিবাজ হয়, অনৈতিক মানুষ হয়, তবে সমাজ রাষ্ট্র তার কাছে কিছুই পাবেনা। ডিগ্রির চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপীঠের ১৪ তম বার্ষিক ক্রীড়া- সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দূর্নীতি মুক্ত সমাজ গঠনে এবং প্রকৃত শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বর্তমান সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি বলেন, এই সরকার যেমন সারাদেশের টেকসই উন্নয়ন কল্পে কৃষি, রাস্তাঘাট, শিল্প কলকারখানা সহ বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা হাতে নিয়েছে একই ভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের উপযোগী মানবসম্পদে পরিনত করতেও কাজ শুরু করেছে।

বর্ণমালা বিদ্যাপীঠের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মবিনুল ইসলাম কাজল। এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম সহ গর্ভনিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।