সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুর-শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ মানুষজন

0
সুন্দরগঞ্জে বেওয়ারিস কুকুর

সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। দলবদ্ধ এসব প্রাণীর অবাধ বিচরণে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পথচারী ও হাট-বাজারগামী মানুষেরা প্রতিনিয়ত এসব প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। বিশেষ করে দিনের বেলায় গৃহপালিত গবাদিপশু (ছাগল, ভেড়া, গরু, বাছুর ইত্যাদি) মাঠে চড়াতে বা ঘরের বাইরে নিয়ে যেতে ভয় পাচ্ছেন খামারি ও মালিকরা। অনেক সময় গ্রামীণ জনপদের পথ-ঘাট কুকুর ও শেয়ালের দখলে চলে যায়। শেয়ালের আক্রমণের শিকার অধিকাংশ ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। অনেকের ধারণা, শেয়ালের কামড় বা আঁচড়ে শুধু ক্ষতস্থান শুকিয়ে গেলে বিপদ মুক্ত হওয়া যায়। অথচ কুকুর, বিড়াল বা শেয়ালের কামড় বা আঁচড়ে মারাত্মক জলাতঙ্ক রোগ হতে পারে, যা জীবনঘাতী। সচেতন মহলের মতে, যেসব এলাকায় শেয়ালের উপদ্রব বেশি, সেখানে জলাতঙ্কের ঝুঁকিও বেশি থাকে। কারণ, শেয়াল থেকে কুকুর বা অন্যান্য প্রাণীর মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বেলকা, শান্তিরাম, রামজীবন ও দহবন্দ ইউনিয়ন থেকে কুকুরের আক্রমণে আহত হয়ে ৩০ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এরপর আরো বিভিন্ন গ্রামের মানুষ চিকিৎসা নিতে আসছেন।

​বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিয়ার রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও ইমিউনোগ্লোবিউলিন সরবরাহ করা হয়। তবে, শেয়ালের আক্রমণে আক্রান্ত রোগীরা হাসপাতালে তুলনামূলক কম আসেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার একেএম ইফতেখারুল ইসলাম বলেন, কুকুর ও বিড়ালদ্বারা আক্রান্ত মানুষ বা গৃহপালিত গবাদিপশুকে যেমন জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে হয়। তেমনি, শেয়াল বা এ ধরণের বন্যপ্রাণিদ্বারা আক্রান্ত মানুষ ও গৃহপালিতপশুকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে হবে, এটা বাধ্যতামূলক। তিনি জানান, যেখানে এ ধরণের ঘটনা ঘটছে সেখানেই উপজেলা প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টিকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ইদানিং উপজেলার বিভিন্ন স্থানে শেয়ালের আক্রমণের ব্যাপারটা বেড়ে গেছে। সম্প্রতি কঞ্চিবাড়ি ইউনিয়নের শান্তিরমোড়ের পাশে একই পরিবারের ৪টি গরু শেয়ালের আক্রমণের শিকার হয়। বেলকাসহ বিভিন্ন স্থানে শেয়ালের আক্রমণের শিকার হওয়া সবাইকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা গ্রহণের আওতায় আনা হয়েছে। এ ধরণের সংবাদ আমাদের দৃষ্টিতে আসামাত্রই আক্রান্ত মানুষ ও গবাদিপশুকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা গ্রহণের আওতায় আনা হয়। এব্যাপরে জনসচেতনতা বৃদ্ধিকল্পে গণমাধ্যমের প্রতি ইতিবাচক ভূমিকাও আশা করেন তিনি।

​ উপজেলা নির্বাহী আফিসার ইফ্ফাত জাহান তুলি ছুটিতে থাকায় দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, ‘শেয়ালের আক্রমণেও জলাতঙ্ক ছড়াতে পারে। কুকুর ও বিড়ালের মতোই শেয়ালের কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত জলাতঙ্ক প্রতিষেধক টিকা নিতে হবে। এলক্ষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।’

​উল্লেখ্য, উপজেলার বামনডাঙ্গা, সেনারায়, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর, কঞ্চিবাড়ি, শ্রীপুর, চণ্ডিপুর, কাপাসিয়া ইউনিয়ন এবং সুন্দরগঞ্জ পৌরসভায় জনসচেতনতা বৃদ্ধিতে দ্রুত ব্যাপক প্রচারণার দাবি জানিয়েছেন সচেতন মহল।