শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় আশ্রয়হীন এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তাঁর এই মানবিক উদ্যোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সাবরিনা শারমিন
জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের মামুন মণ্ডলের স্ত্রী দুই সন্তানের জননী রুমা খাতুন (৩০) কে কিছুদিন আগে গর্ভবতী অবস্থায় তাঁকে বাড়ি থেকে বের করে দেয় তাঁর স্বামী ।
একপর্যায়ে গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রুমা খাতুনের প্রসববেদনা শুরু হয়। এ সময় তিনি শাহজাদপুরে এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁর কাছে কোনো অর্থকড়ি ছিল না। শারীরিক যন্ত্রণায় ছটফট করলেও কেউ তাঁকে আশ্রয় দেননি পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের নজরে এলে তিনি দ্রুত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পরে তাঁকে পৌরসভার ফাতেমা হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই রুমা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতককে প্রথম কোলে তুলে নেন ইউএনও সাবরিনা শারমিন।
সোমবার (১৬ নভেম্বর ) অসুস্থ রুমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর স্বামী গর্ভবতী অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাঁর কাছে কোনো টাকা-পয়সা ছিল না। একপর্যায়ে তিনি প্রসব বেদনায় ছটফট করলে কেউ তাকে আশ্রয় না দিলেও ইউএনও স্যার তার ডেলিভারির ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতা করেছেন। রুমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন , তিনি আমাকে পরপর তিন দিন বাড়ি থেকে রান্না করে ভালো ভালো খাবার খাইয়েছেন এবং আর্থিকভাবেও সহযোগিতা করেছেন। এটি আমার জীবনের বড় পাওয়া। তিনি মমতাময়ী মায়ের মতো কাজ করেছেন।’
এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) ইউএনও সাবরিনা শারমিন বলেন, ‘আমি শুধু একজন অসহায় মানুষকে সহযোগিতা করেছি মাত্র। তিনি বলেন, রাস্তার কোনো মানুষকে অবহেলা করবেন না। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়।’এ সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

