
নেত্রকোনা প্রতিনিধিঃ জেলার আটপাড়া উপজেলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষিকার পেটে লাথি মারার পাশাপাশি তাকে ও তার গর্ভের অনাগত সন্তানকে পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নিবেদিতা দেব ওই বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল তার ওপর হামলা চালায়।
ঘটনার বর্ণনা দিয়ে নিবেদিতা দেব বলেন, “আনোয়ার হোসেন আমার তলপেটে সজোরে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। তাদের সঙ্গে সে সময় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা জেনেই তারা এই বর্বরতা চালান। যখন তাদের বলি যে, ‘আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হলে আপনারা দায়ী থাকবেন’, তখন তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তারা আমাকে ও আমার সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।” পরবর্তীতে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, “বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ বেশ কজন আমার স্ত্রীর ওপর কাপুরুষোচিত শারীরিক নির্যাতন চালিয়েছেন। ঘটনার পরই আমরা আইনি সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছুটে এসেছি। ইউএনও মহোদয় আমাদের লিখিত অভিযোগ দিতে বলেছেন, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”
সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিযুক্ত তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, “কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। একজন শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবরটি আমরা শুনেছি। ভুক্তভোগী শিক্ষিকাকে দ্রুত লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, “বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলার সংবাদ আমরা পেয়েছি। ভুক্তভোগী ও তার পরিবারকে এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
