পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

0
পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ প্রথাগত পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, বিদেশি ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দেশের স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জন করতে পারে।

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে। সেখানে ছয় থেকে সাতটি জনপ্রিয় খেলা অন্তর্ভুক্ত থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষা বাংলার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত আরও একটি বিদেশি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে; যার মধ্যে ইংরেজি, মান্দারিন (চীনা) এবং জাপানিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের প্রতি আমাদের সবাইকে যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রকৃতির অংশ হিসেবে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে হবে।’

শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি এক চমৎকার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজন ও বন্ধুদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে। তোমরা ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার ব্যক্তিগত কী লাভ? আসলে পরিবেশ ভালো থাকলে লাভ আমাদের সবার।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের বিশেষ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।’ এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন কৃতী শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদের অধিবেশন কক্ষে বসে সরাসরি চলমান সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ ছাড়া তারা সংসদের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, ঐতিহ্যবাহী সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।