পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড: ১৫ বাক্সে মিলল ৫১ বস্তা টাকা, প্রথম তিন ঘণ্টাতেই গণনা ১০ কোটি

0
পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড: ১৫ বাক্সে মিলল ৫১ বস্তা টাকা, প্রথম তিন ঘণ্টাতেই গণনা ১০ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার দানের অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় টাকা গণনার কাজ শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টাতেই অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। বিপুল পরিমাণ এই অর্থ গণনার কাজ এখনও বিরতিহীনভাবে চলছে এবং দিনভর তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মসজিদ প্রশাসন।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে মসজিদের ১০টি লোহার সিন্দুক এবং অতিরিক্ত ৫টি টিনের বাক্সসহ মোট ১৫টি দানবাক্স খোলা হয়। বাক্সগুলো খোলার পর বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এরপর সেগুলো বস্তাবন্দী করে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে সকাল ৯টা থেকে শুরু হয় গণনার মহাযজ্ঞ।

দানবাক্স খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণনার সর্বশেষ তথ্য জানিয়ে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সকাল ৯টা থেকে গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা শেষ হয়েছে। গণনাকৃত এই অর্থ পুলিশ ও আনসার সদস্যদের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করার জন্য পাঠানো হয়েছে। বাকি বস্তাগুলোর টাকা গণনার কাজ পুরোদমে চলছে।”

এবারের এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। এর মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত নূরুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের শতাধিক কর্মকর্তা-কর্মচারী। পুরো গণনা কার্যক্রম স্বচ্ছ রাখতে মসজিদ প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে।

সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এর আগে সর্বশেষ দানবাক্স খোলার সময় ৩২ থেকে ৩৫ বস্তার মতো টাকা এবং প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার ওপরে নগদ অর্থ পাওয়া গিয়েছিল। তবে এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মানত করলে মনের আশা পূর্ণ হয়—এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ প্রতিদিন এই মসজিদে নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ও গবাদিপশু দান করে থাকেন। দান থেকে প্রাপ্ত এই অর্থ দিয়ে মসজিদ কমপ্লেক্সের উন্নয়ন, এতিমখানা পরিচালনা এবং জেলার বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়।