মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের পবিত্র দায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

0
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের পবিত্র দায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তাঁদের প্রতি রাষ্ট্রের পবিত্র দায়। তাঁদের সম্মান জানানোর মাধ্যমে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করে যাচ্ছে।”

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের মহিমা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—যে উপাধিতেই ভূষিত হয়ে থাকুন না কেন, তার চেয়েও বড় সত্য হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এই বিরল গৌরব অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই জাতির কাছে চিরকাল অনন্য ও অসাধারণ।” অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই ঐতিহাসিক গৌরবের অংশীদার হিসেবে অভিহিত করেন তিনি।

লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অগণিত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ইতিহাস স্মরণ করে তারেক রহমান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান।

নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান আবেগঘন কণ্ঠে বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি ব্যক্তিগতভাবেও অত্যন্ত গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরবোজ্জ্বল অর্জন তাঁকে সবসময় আন্দোলিত করে। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।” এর ধারাবাহিকতায় তিনি ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে স্বতন্ত্র ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়নের কথা স্মরণ করেন।

বয়সের ভারে ন্যুব্জ প্রবীণ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “জীবনসায়াহ্নে এসেও এই জীবন্ত কিংবদন্তিদের চোখে স্বাধীনতার সেই অম্লান দীপ্তি জ্বলজ্বল করছে।” প্রতিবছর এই বীর সেনানীদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার ধারাবাহিক উদ্যোগ নেওয়ায় তিনি সশস্ত্র বাহিনী বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।

ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “ঐতিহাসিক এই সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকার—বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আমন্ত্রিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপহার সামগ্রী তুলে দেন।