আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ: কর্মবিরতির মুখে অর্ধশতাধিক কারখানায় ছুটি, কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

0
আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ: কর্মবিরতির মুখে অর্ধশতাধিক কারখানায় ছুটি, কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার প্রতিনিধি: ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, কাজের সময়সূচি পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কারখানায় প্রবেশ করেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় আশুলিয়া ও সাভার এলাকার অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়া চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই তো মজুরি নেই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ১১টি কারখানা এবং দুটি কারখানায় আগে থেকেই সাধারণ ছুটি ছিল।

শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এক খুদে বার্তার মাধ্যমে কারখানা বন্ধ ও ছুটির এই পরিসংখ্যান নিশ্চিত করেছেন। তবে সাভারের অল্প সংখ্যক কারখানায় ছুটি ঘোষণা করা হলেও ওই এলাকার অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্পাঞ্চল পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবেই প্রবেশ করেন এবং উৎপাদন শুরু হয়। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শীর্ষস্থানীয় পোশাক কারখানা হা-মীম ও শারমীন গ্রুপের কারখানায় প্রবেশ করেই কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কোনো আলোচনা বা পূর্বঘোষণা ছাড়াই কাজের নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে সকাল ৭টায় নিয়ে আসে। এর প্রতিবাদে শ্রমিকেরা সকালে কারখানায় এসে বায়োমেট্রিক হাজিরা (পাঞ্চ) দিলেও মেশিন চালু না করে কর্মবিরতি পালন করেন। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষের মুখে কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ছুটি ঘোষণা করে এবং আগামীকাল রোববার থেকে পুনরায় সকাল ৮টায় অফিস শুরুর আশ্বাস দেয়। এরপর নরসিংহপুর, জামগড়া ও জিরাবো এলাকার আশপাশের আরও কয়েকটি কারখানায় একই ধরনের অসন্তোষ ও কর্মবিরতি ছড়িয়ে পড়লে ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ একে একে ছুটি ঘোষণা করে।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি সচল পোশাক কারখানার সামনে একদল বহিরাগত ও বিক্ষুব্ধ শ্রমিক অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষোভের চেষ্টা চালায়। এ সময় সচল কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “সকালের দিকে কিছু কারখানায় কাজের সময়সূচি নিয়ে শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অসন্তোষ দেখা দেয়। এ ছাড়া কাঠগড়া এলাকায় কিছু বিশৃঙ্খলাকারী একটি সচল কারখানার সামনে গিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।”

তিনি আরও জানান, কয়েকটি কারখানায় উত্তেজনা দেখা দিলেও এবং অর্ধশতাধিক কারখানা ছুটি হয়ে গেলেও সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সাভার ও আশুলিয়ার অনেক কারখানায় স্বাভাবিক নিয়মেই উৎপাদন কাজ পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।