কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান ও কলাপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভাংচুর করা হয়েছে জানালার গ্লাস। এসময় বাসায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে মহিববুর রহমানের বাসায় কেউ ছিলেন না। অজ্ঞাত দূর্বৃত্তরা এই হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এনিয়ে হামলার শিকার হওয়া পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি ভিডিও পোস্ট দিয়েছেন।
তবে কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম জানান, এবিষয়ে তার কিছু জানা নেই।
অপরদিকে সন্ত্রাস বিরোধী অভিযানে লালুয়ার পাঞ্জুপাড়া থেকে শুক্রবার রাতে কলাপাড়া থানার পুলিশ রাব্বি খান (২৫) এক যুবক কে গ্রেপ্তার করেছে।
এদিকে কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী সভা করেছেন। এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এসময় দলের নেতৃবৃন্দছাড়াও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ দেশ ধ্বংস করে দেওয়া ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও দেশের মানুষ ও সম্পদের ওপর হামলা নাশকতা চালিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যে কোন মূল্যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এ নৈরাজ্য বন্ধে করে রাজপথে রয়েছি। বিগত দিনে যেমন দেশের মানুষের জানমাল রক্ষায় বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। আগামী দিনেও থাকতে হবে।’ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন।
এরপরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। প্রধান প্রধান সড়কে অবস্থান করেন। মোটরসাইকেল শো ডাউন করা হয়।

