রংপুরে কিশোর গ্যাংয়ের টাইগার গ্রুপের গ্যাং লিডারসহ গ্রেফতার ৭

0
রংপুরে কিশোর গ্যাংয়ের টাইগার গ্রুপের গ্যাং লিডারসহ গ্রেফতার ৭

জয়নাল আবেদীন: একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের টাইগার গ্রুপের গ্যাং লিডারসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে। তারা আদালতে তাদের সকল অপকর্মের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ বলছে এই গ্রুপের বেশ কিছু অপরাধের তথ্য তাদের হাতে আছে। শনিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন গত ২৬ অক্টোবর রংপুর-হারাগাছ সড়কের নগরীর সাহেবগঞ্জ এলাকায় এক কলেজ ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাবার সময় স্থানীয়রা চারজনকে আটক করে হারাগাছ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এসময় কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়। মামলাটি তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে অর্থের বিনিময়ে মাদক, ছিনতাই , অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে টাইগার বাহিনী এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের গ্যাং লিডার আশিকুর রহমান চৌধুরি, মাহিন ইসলাম, আসাদুজ্জামান শুভ, শুকুর আলী, আলম হোসেন, মনারুল ইসলাম, নাসিম মাহমুদ নাহিদ এই সাত জনকে গ্রেফতার করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার কিশোর গ্যাং টাইগার বাহিনীর বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বর্ণনা দেন। এই কিশোর অপরাধীরা টাইগার বাহিনীর সদস্যরা ঝাঁকি’ নামের এক ধরণের নেশা জাতীয় পানীয় তৈরি করেছে। তারা গোটা হারাগাছ এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এই বাহিনীর সাথে আরো কোন চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতরা রংপুর জেলহাজতে রয়েছে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি শহীদুল্লা কাওসার, এসি ফারুক আহম্মেদ ও হারাগাছ থানায় অফিসার ওসি একেএম নাজমুল কাদের। এদিকে কিশোর অপরাধীদের নতুন এই টাইগার বাহিনীর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেস ব্রিফিয়ে বলা হয়, গ্যাং লিডার আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে হারাগাছের সারাই কসাইটারী, ডাঙ্গারপাড়া, মুন্সিপাড়া, সাহেবগঞ্জ, দালালহাটসহ বিভিন্ন এলাকায় এই গ্রুপের সদস্যরা বিভিন্ন ব্যক্তির সাথে বিরোধ তৈরী করে আতংক সৃষ্টি করতো। মারপিটের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা আদায় করতো। তারা ভাড়ার বিনিময়ে মারধর, অপহরণ এবং ছিনতাইসহ নানবিধ অপরাধ করে থাকে।