কামরানের ‘অবস্থার অবনতি’, আনা হচ্ছে সিএমএইচে

0
কামরানের ‘অবস্থার অবনতি’, আনা হচ্ছে সিএমএইচে

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভাইরাস আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার ‘অবনতি হয়েছে।’ তাকে এই মুহূর্তে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হচ্ছে।

রোববার দুপুরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে বলে জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

“সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরো অবনতি হয়েছে। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন দিতে হচ্ছে।”

গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। ওইদিন রাতে প্রথমে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শনিবার সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এরআগে গত ২৭ মে আওয়ামী লীগের নেতা কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।