পাবনায় অস্ত্রসহ যুবক আটক

0

কামাল সিদ্দিকী: পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত যুবকের নাম তিহাদ শেখ (২৫)। তিনি পৌর এলাকার শালগাড়িয়া রেলপাড়া মহল্লার রবি শেখের ছেলে। পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান জানান, পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে তিহাদ শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, একটি চাকু ও দু’টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আব্দুল হান্নান জানান, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তিহাদ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত তিহাদ শেখের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।