বিভাগীয় নগরী রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0
বিভাগীয় নগরী রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জয়নাল আবেদীনঃ “ডায়াবেটিসে দেরি নয় ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকালে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এই দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির শুরুতেই সকাল ৮টায় ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সকাল ১০টায় শুরু হয় মূল আলোচনা সভা।

রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা: মো: আব্দুর রউফ-এর সভাপতিত্বে এবং সমিতির সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

প্রধান অতিথি: রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক মো: সামসুজ্জামান সামু।

সম্মানিত অতিথি: রংপুর জিলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মো: সাইফুল ইসলাম।

প্রধান আলোচক: রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: জাহাঙ্গীর কবীর পলাশ। তিনি স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস রোগ প্রতিকারের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রশ্নোত্তর পর্বে আগত রোগীরা ডায়াবেটিস প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন করেন এবং প্রধান আলোচক বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মো: জাহাঙ্গীর কবীর পলাশ তাদের সুচারু উত্তর দিয়ে উপস্থিত সবার নজর কেড়ে নেন। এ সময় সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজসেবা ও স্বাস্থ্যসেবার অনন্য নজির স্থাপন করে রংপুরের বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর বড় বোন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মো: লুৎফর রহমানের পত্নী ওয়াছিয়া রহমান রংপুর ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের জন্য ৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক সমিতির সভাপতি ও প্রধান অতিথির হাতে তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে এ্যাডভোকেট মুনীর চৌধুরী এবং তার পত্নী কানিজ মোর্শেদ রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যপদ লাভ করায় তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সমিতির আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকরা, দুটি মেডিকেল কলেজের নার্সিং শিক্ষার্থী, গার্লস গাইড, বিভিন্ন বণিক সমিতির সদস্য এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।