টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এলো আরো ২ তরুণীর লাশ

0

বাংলাদেশ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার সমুদ্রসৈকত থেকে আরো দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্রসৈকতে একটি এবং রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা আরেকটি লাশ উদ্ধার করা হয়।

তাদের আনুমানিক বয়স ১৭ থেকে ২২ বছর।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) নূর মোহাম্মদের নেতৃত্বে পৃথক এলাকা থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে এই দু’জন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, তবে মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার এবং একজন শিশু ও পাঁচজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনায় দালালসহ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য ২৪ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।