রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও রূপপুরে ৩১৮ কোটি টাকায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ

0
রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও রূপপুরে ৩১৮ কোটি টাকায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ

ঈশ্বরদী প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আবাসনের জন্য নির্মিত ২১টি বহুতল ভবনে রয়েছে ২ হাজার ১৬টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে বর্তমানে দেশি-বিদেশি প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা বসবাস করছেন। তবে বিদ্যুৎকেন্দ্র চালু হলে প্রকল্পের কাজ শেষ করে অধিকাংশ রুশ নাগরিক দেশে ফিরে যাবেন। তখন বাংলাদেশি কর্মকর্তা ও অবশিষ্ট রুশ নাগরিক মিলিয়ে জনবল দাঁড়াবে প্রায় দুই হাজার। ফলে বিদ্যমান আবাসনেই সবার থাকার ব্যবস্থা হওয়ার পাশাপাশি অন্তত এক হাজার ফ্ল্যাট খালি পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতেও প্রকল্প এলাকায় নতুন করে চারটি বহুতল ভবন নির্মাণ, একটি ভবন সম্প্রসারণ এবং একটি ল্যাবরেটরি ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে ৩১৮ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, চাহিদা না থাকলেও কেন এই বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে?

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী গণপূর্ত অধিদপ্তর এসব স্থাপনা নির্মাণ করবে। ব্যয় মেটানো হবে প্রকল্পের তহবিল থেকে। এরই মধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা তৈরির কাজ শুরু করেছে। আগামী দুই-তিন মাসের মধ্যে নকশা চূড়ান্ত করে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে অতীতে নির্মাণকাজ ও মালামাল কেনাকাটায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিএজি) বিশেষ নিরীক্ষায়ও প্রায় ২৯৪ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে নতুন করে প্রয়োজনের অতিরিক্ত স্থাপনা নির্মাণের উদ্যোগে প্রকল্পসংশ্লিষ্টদের স্বার্থ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের বর্তমান ও সাবেক চার কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী রুশ নাগরিকদের আবাসনের দায়িত্ব বাংলাদেশের ছিল। ভবিষ্যতে বাংলাদেশিরাও যাতে এসব ভবন ব্যবহার করতে পারেন, সে বিবেচনায় স্থায়ী আবাসন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্মাণকাজ শুরু করতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে সব আবাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। এ নিয়ে প্রকল্পের শেষ সময়ে রুশ পক্ষ বাংলাদেশের কাছে ৮০ কোটি টাকা দাবি করেছে। যদিও এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবির জানান, গ্রিন সিটিতে ২১টি বহুতল আবাসিক ভবন আগেই হস্তান্তর করা হয়েছে। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি ভবন নির্মাণ এবং একটি ভবন সম্প্রসারণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১৮ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রিন সিটির ২১টি ভবনে মোট ২ হাজার ১৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে দুটি ১৬ তলা ভবনে ১১২টি, একই উচ্চতার আরও আটটি ভবনে ৬৬৮টি এবং ২০ তলা ১১টি ভবনে ১ হাজার ২১৬টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাটের আয়তন ৮৫০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুট।

প্রকল্পের কাজ শেষের দিকে। প্রথম ইউনিটে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ইউনিট চালু হতে পারে আগামী বছরের শেষ দিকে। ইতিমধ্যে অনেক রুশ নাগরিক দেশে ফিরে গেছেন। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে অধিকাংশই চলে যাবেন। কেন্দ্র পরিচালনার কাজে আরও দুই-তিন বছর ২৫০ থেকে ৩০০ জন রুশ নাগরিক থাকার কথা রয়েছে।

রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) জনবল প্রায় ১ হাজার ৭৫০ জন। রুশ নাগরিকদের যুক্ত করলে মোট জনবল হবে প্রায় দুই হাজার। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ৮০০ থেকে ৯০০ জন। ফলে বিদ্যমান ২ হাজার ১৬টি ফ্ল্যাটে কর্মকর্তা ও রুশ নাগরিকদের আবাসনের পরও বিপুলসংখ্যক ফ্ল্যাট খালি থাকার আশঙ্কা রয়েছে। কর্মচারীদের বরাদ্দ দিলেও বিদ্যমান আবাসনেই সবার থাকার ব্যবস্থা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থাপত্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন নির্মাণ পরিকল্পনায় রয়েছে ১৬ তলা একটি আবাসিক ভবন। এর নিচের দুই তলা থাকবে পার্কিংয়ের জন্য। বাকি ১৪ তলায় ১ হাজার ৮২০ বর্গফুটের ২৮টি এবং ২ হাজার ৫১০ বর্গফুটের ১৪টিসহ মোট ৪২টি ফ্ল্যাট থাকবে। এ ছাড়া ১২ তলা একটি ডরমিটরি, ১০ তলা নিরাপত্তা ব্যারাক এবং বিদ্যমান ১৬ তলা ব্যাচেলর ডরমিটরি সম্প্রসারণ করে ২০ তলায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

নিরাপত্তাকর্মীদের জন্য ১০ তলা ব্যারাক নির্মাণের উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় এনপিসিবিএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত এ ধরনের বাহিনী গঠন হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

পরিবেশের ওপর বিদ্যুৎকেন্দ্রের প্রভাব পর্যবেক্ষণে নতুন একটি ‘এনভায়রনমেন্ট মনিটরিং ল্যাব’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। অথচ সেখানে একই কাজের জন্য আগে থেকেই একটি পরীক্ষাগার রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের পরীক্ষাগারের জন্য আলাদা বহুতল ভবন নির্মাণের প্রয়োজন নেই।

এ ছাড়া স্টেশন ডিরেক্টরের আবাসিক ভবন ও একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ দুটি স্থাপনার প্রয়োজনীয়তা থাকলেও অন্য ভবনগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। ৩১৮ কোটি টাকার মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে প্রশ্নবিদ্ধ এসব স্থাপনা নির্মাণে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের (রুটিন দায়িত্ব) এম মঈনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে রূপপুর প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন আগামীর সময়কে বলেন, যৌক্তিকতা বিবেচনা করেই এসব ভবন নির্মাণ করা হচ্ছে। কোনো স্থাপনাই অব্যবহৃত থাকবে না।

তবে প্রকল্পের কয়েকজন কর্মকর্তার মতে, ১০-১২ বছর আগে এসব ভবন নির্মাণ করা হলে তা প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ হতো। এখন প্রকল্পের কাজ প্রায় শেষ এবং অধিকাংশ রুশ নাগরিক ফিরে যাওয়ার অপেক্ষায় থাকায় নতুন করে এত ভবন নির্মাণের যৌক্তিকতা নেই।

এনপিসিবিএলের কয়েকজন কর্মকর্তা জানান, গ্রিন সিটিতে বসবাস করলে নিয়ম অনুযায়ী বেতন থেকে যে পরিমাণ বাড়িভাড়া কাটা হয়, তার চেয়ে কম খরচে বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। ফলে অনেক কর্মকর্তা গ্রিন সিটিতে থাকতে আগ্রহী নন। নতুন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ায় এ অনাগ্রহ আরও বাড়তে পারে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম আগামীর সময়কে বলেন, ঢাকার বাইরে অনেক সরকারি আবাসিক ভবন বেশি ভাড়ার কারণে খালি পড়ে থাকে। সেখানে চাহিদার অতিরিক্ত ভবন নির্মাণ বড় ধরনের অপচয়। এ ধরনের অযৌক্তিক ব্যয় বন্ধ করা উচিত।

উল্লেখ্য, গ্রিন সিটির নির্মাণ ও সরঞ্জাম কেনাকাটায় সিএজির বিশেষ নিরীক্ষায় ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনে প্রায় আট গুণ বেশি ব্যয়ের পাশাপাশি জেনারেটর, লিফট, এয়ারকন্ডিশনার, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সিসি ক্যামেরা, ফায়ার হাইড্রেন্ট, ইন্টারনেট সংযোগ ও পাম্প স্থাপনেও অস্বাভাবিক ব্যয় ধরা পড়েছে।

নিরীক্ষায় আরও উঠে এসেছে, অতিরিক্ত দামে বালিশ ও ড্রেসিং টেবিল কেনা, পণ্য সরবরাহ না করেও ঠিকাদারকে বিল দেওয়া, নকশাবহির্ভূতভাবে রডের ল্যাপিংয়ে ৭০ শতাংশ অতিরিক্ত পরিমাপ দেখিয়ে বিল পরিশোধ এবং উৎসে ভ্যাট কর্তন না করার মতো অনিয়ম। মোট ১০টি বিষয়ে অডিট আপত্তিতে সরকারের ২৯৪ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।