জয়নাল আবেদীন: রংপুরে ফেনসিডিল ও ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় নারী মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অপর এক আসামিকে ১০ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় প্রদান করেন। জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় বাসের মালামাল রাখার লকার থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ একটি ব্যাগ উদ্ধার হয়। পরে মালামাল রাখা যাত্রীদের ট্যাগ দেখে মাদক কারবারী মাহমুদা আখতারকে আটক করে পুলিশ।
মাহমুদা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার সাজনপুকুর বান্দিপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালী থানার এস আই শাহাদত হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। পরবর্তীকালে তদন্ত শেষে আসামি মাহমুদা আখতারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবান সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত।
এদিকে রায় ঘোষণার আগে আসামি আদালতে হাজিরা দিয়ে উপস্থিত থাকলেও রায় ঘোষণার সময় আদালত চত্বর থেকে পালিয়ে যায়।অপর এক মাদক মামলায় ২৯৩ পিস ইয়াবা রাখার দায়ে আসামি আজিনুল আলম ভুট্টুকে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহসপতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এ রায় প্রদান করেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২ এপ্রিল রংপুর নগরীর ডাঙ্গিরপাড় আহলে সুন্নাত ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ২৯৩ পিস ইয়াবাসহ আসামি ভুট্টুকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব-১৩ এর পরিদর্শক এস এম সোবহান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে।

