বাংলাদেশ প্রতিবেদক: ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে অর্ধবেলা রাজধানীর গুলশান-১ নম্বর চত্বর অবরোধ করে রাখে ব্যবসায়ীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা চারটার দিকে রাস্তা থেকে ওঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্যবসায়ীরা। এতে চার পুলিশ সদস্যসহ এক ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, গুলশান শপিং সেন্টার ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ কারণেই আজ ভবনটি সিলগালা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যবসায়ীরা কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
তিনি বলেন, এর আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। তারা সময় চেয়ে লিখিত আবেদন দিয়েছিলেন, ওই সময় বলেছিলেন ঈদের পরেই তারা সরে যাবেন। কিন্তু তারা যাননি।
গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বলেন, বেলা ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করে দেন। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা জড়ায় ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা গুলশান–১ চত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের বারবার সড়ক থেকে উঠে যাওয়ার জন্য বলা হলেও তারা সড়ক অবরোধ করে রাখে। পরে বেলা চারটার দিকে পুলিশ তাদের রাস্তা থেকে উঠিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়ে তারা। এ সময় পুলিশও ইট পাটকেল ছুড়ে।
এসময় ইটের আঘাতে পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামসহ চার পুলিশ সদস্য ও এক ব্যবসায়ী আহত হন। তাদের শাহবুদ্দিন মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের রাস্তা অবরোধের কারণে গুলশান-১, মহাখালী, হাতিরঝিল, গুলশান-২ ও বাড্ডা এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছায়। রাজধানীর একাংশে যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করে উত্তরাগামী এক বাসযাত্রী রফিক উদ্দিন। তিনি বলেন, সিএমএম কোর্ট এলাকা থেকে সাতরাস্তা পর্যন্ত খুব অল্প সময়ে চলে আসি। কিন্তু এরপর থেকে আর বাস সামনের দিকে যাচ্ছে না। পরে জানতে পারি ব্যবসায়ীদের রাস্তা অবরোধের কারণে এই যানজট। এই অবস্থা জানলে কমলাপুর থেকে ট্রেনে করে বাসায় চলে যেতে পারতাম। অনিয়ন্ত্রিত শহরে আর বসবাস করার মতো অবস্থা নেই।
গুলশান ট্রাফিক বিভাগের এসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে ৪টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। চারদিক থেকে গাড়ি ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন আর সমস্যা নেই।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ঈদের পর সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও ব্যবসায়ীরা ভবন না ছাড়ায় বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়। তারা যথেষ্ট সময় পেয়েছেন। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে। এই মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনটি থেকে লোকজন সরিয়ে নেওয়ার জন্য সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়। গত মাসেও ভবন বন্ধ করতে গেলে ব্যবসায়ীরা এক মাসের সময় নিয়েছিল। কিন্তু তারা সরেননি।
তিনি বলেন, মেয়র মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার সেখানে গিয়ে সিলগালা করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ২০০ কোটি টাকার একটা ফান্ড করা হয়েছে। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন। কেউ আছেন ক্ষতিপূরণ নিয়েছেন আবার সেখানে থাকতেও চাচ্ছেন, এরাই বিক্ষোভ করছেন।
তবে ব্যবসায়ীদের অভিযোগ সময় না দিয়ে সিটি করপোরেশন তাদের উচ্ছেদ করছে। এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেটে ৭২৩টি দোকান রয়েছে। কোনো রকম আইনি ভিত্তি ছাড়া মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দিল। এখন কোথায় যাব, এতো দিনের ব্যবসা। এখন কোথায় গিয়ে দাঁড়াবো। মার্কেট না খোলা পর্যন্ত রাস্তা ছাড়ব না। মেয়র সাহেবকে আসতে হবে, মার্কেটের তালা খুলতে হবে।
গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বলেন, ব্যবসায়ীদের ইটের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

