করোনা টিকার প্রযুক্তি আবিস্কারে অবদান রাখায় নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী

0
নোবেল বিজয়ী

আন্তর্জাতিক ডেস্কঃ চিকিৎসা-বিজ্ঞানে অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা।

গতকাল সোমবার বাংলাদেশ সময় ৪টায় সুইডেনের নোবেল কমিটি চিকিৎসায় চলতি বছরের নোবেল-জয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে, কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনে আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা।

 

যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। একই প্রযুক্তি ক্যানসারের পাশাপাশি অন্য গবেষণা কাজেও ব্যবহার হচ্ছে।

নোবেল কমিটির ওয়েবসাইটেও তাদের নোবেল জয়ের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই দুই গবেষক কোভিডের ভ্যাকসিন আবিষ্কারের পেছনে ‘অভূতপূর্ব’ অবদান রেখেছেন। তারা ‘আধুনিক সময়ে মানব-স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করেছেন। ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ২০২০ সালের প্রথম দিকে শুরু হওয়া কোভিড মহামারির বিরুদ্ধে ‘কার্যকর’ এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য এই দুই গবেষকের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমআরএনএ কিভাবে মানুষের ইমিউন সিস্টেমের সাথে মিথস্ক্রিয়া করে সে সম্পর্কে জানা-বোঝায় মৌলিক পরিবর্তন এসেছে তাদের ‘যুগান্তকারী’ গবেষণার মাধ্যমে।

প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনে (ছয় দিন) মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮-তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। পরে আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধায়ন করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। আর বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেয়া হয়।