জানি না যেদিন আমাদের কাহিনী প্রকাশ পাবে, সেদিন বেঁচে থাকব কি না…

0
গাজা ডায়েরি: জানি না যেদিন আমাদের কাহিনী প্রকাশ পাবে, সেদিন বেঁচে থাকব কি না...

বাংলাদেশ ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত গাজায় বোমা আক্রমণের মাঝে জীবন কেমন সে সম্পর্কে দিনপঞ্জিকা লিখছেন চারজন। কিভাবে সবাই সারাটা দিন খাবার আর পানি খুঁজে বেড়াচ্ছেন, বিমান হানা থেকে বাঁচতে রাত্রিকালীন আশ্রয়স্থলে থাকছেন আর পরদিন সকাল পর্যন্ত যাতে বেঁচে থাকা যায় সেই প্রার্থনা করে চলেছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরাইলে হামাসের হামলায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ২৪২ জনকে বন্দী হিসাবে রাখা হয়েছে। তারপরই এই বিমান হামলা শুরু হয়।

দুর্বল ফোনের নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্ল্যাক-আউটের কারণে যোগাযোগ বজায় রাখা একটি কঠিন কাজ।

শুক্রবার, ১৩ অক্টোবর
স্থল আক্রমণ শুরু করার আগে ইসরাইলি বিমান থেকে বেসামরিক নাগরিকরা কিভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে প্রচারপত্র ছড়ানো হয়েছিল ইসরাইলি বিমান থেকে। হামলার আগে দক্ষিণ গাজার দিকে চলে যাওয়ার সতর্কবার্তা ছিল তাতে।

ফরিদা (২৬) গাজা সিটির বাসিন্দা। ইংরেজি পড়ান। তিনি প্রথম মেসেজে লিখেছিলেন, ‘আমার পাশের তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের সবাইকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে কিন্তু কোথায় যাব জানি না।’

‘আমরা শুধু অপেক্ষা করছি। আমার অনেক বন্ধু নিখোঁজ, হয়তো মারা গেছে। এমনকি আমার বাবা-মায়ের কথাও জানি না।’

তিনি তার ছয় সন্তান আর ভাই-বোনদের নিয়ে দক্ষিণ গাজার দিকে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলেন। তারা প্রায় এক সপ্তাহ ধরে হাঁটছিলেন আর রাস্তাতেই ঘুমোচ্ছিলেন।

তারা ওয়াদী গাজার সেই অংশে যেতে চাইছিলেন, যেই অংশটা ইসরাইল সুরক্ষিত বলে জানিয়েছিল।

আদম গাজার খান ইউনিসে বসবাসরত যুবক। একদিনে পঞ্চমবারের মতো নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পেশায় শ্রমিক ওই যুবক বলেন, ‘গাজার উত্তরাঞ্চল থেকে ১০ লাখেরও বেশি মানুষকে দক্ষিণে চলে যেতে বলা হয়েছে, বিশেষত খান ইউনিসে। তবে খান ইউনিসেও বিমান হামলা চালানো হচ্ছে। একটা বোমা তো আমার বাড়ির কাছে পড়েছিল।’

ইসরাইল গাজাকে সম্পূর্ণ অবরোধ করার পর খাদ্য, ওষুধ ও পেট্রোল দ্রুত কমে এসেছে। পার্কিনসনস রোগে আক্রান্ত বৃদ্ধ বাবার যত্ন নেয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোও অ্যাডাম পাচ্ছেন না।

এমনকি হাসপাতালেও কোনো শয্যা পাননি তিনি। আগের রাতে তাকে একটি হাসপাতাল চত্বরের মেঝেতে ঘুমাতে হয়েছিল।

খালিদ উত্তর গাজার জাবালিয়ায় চিকিৎসা সরঞ্জাম সরবারহ করেন। আকাশপথে বিলি করা সতর্ক-বার্তাবাহী প্রচারপত্র পাওয়ার পরও কিন্তু পরিবারের সাথে অন্যত্র যেতে রাজি হননি তিনি।

একটি ভিডিও বার্তায় বলেন, ‘কোথায় যাব আমরা? কোনো স্থানই সুরক্ষিত নয়। সর্বত্র একই অবস্থা। যে কোনো পরিস্থিতিতেই আমরা মরব।’ তিনি যখন মেসেজটি পাঠাচ্ছিলেন, পিছনে বোমা বিস্ফোরণের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল।

খালিদ তার নিকট আত্মীয়ের দু’জন ছোট শিশুরও দেখাশোনা করেন। পাশের বাজারে হওয়া হামলায় বেঁচে গিয়েছিল ওই দু’জন।

খালিদ বলেন, ‘আহত মানুষের সংখ্যা বিপুল এবং সেই কারণে ওষুধের ব্যাপক ঘাটতি রয়েছে। কিছু ওষুধ কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। কিন্তু বিদ্যুতের অভাবে সেগুলো নষ্ট হয়ে গেছে, অথচ ওগুলো জরুরি ওষুধ ছিল।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি চিকিৎসা সরঞ্জাম যে বিক্রি করতে পারছেন না, সে কথাও খালিদ জানিয়েছেন।

সোমবার, ১৬ অক্টোবর
সালাহ আল-দিন রোড থেকে দক্ষিণদিকে রওনা দেয়া এক ঝাঁক যানবাহনের ওপর একটি বোমা আঘাত হানে। এটি কিন্তু দু’টি নিরাপদ করিডোরের মধ্যে একটি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরাইলি সামরিক বাহিনী ওই হামলার দায় অস্বীকার করেছে।

দক্ষিণাঞ্চলে যেভাবে হামলা হচ্ছে, তার ফলে অনেক ফিলিস্তিনি উত্তরাঞ্চলে তাদের বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যারা দক্ষিণে আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারাও এখন ফিরে আসছেন।

ফরিদা বেশ কিছু দিন রাস্তায় কাটানোর পর সাহস হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘আমি যা অনুভব করছি বা চারপাশে কী ঘটছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের চারপাশে ক্রমাগত বোমাবর্ষণ হচ্ছে আর বাচ্চারা কেঁদেই চলেছে। কোথায় যাব আমরা জানি না।’

‘গাজায় রাতেও আপনি জানেন না পরদিন সকাল পর্যন্ত বাঁচবেন কি না। আমি এখন হিজাব পরে আমার পরিবারের সাথে বসে আছি। আকাশপথে যেকোনো বোমা হামলার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।”

মঙ্গলবার, ১৭ অক্টোবর
গাজা সিটির আল আহলি হাসপাতালে হামলায় ৪৭১ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু যারা হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিলেন। ইসরাইল দাবি করেছে, এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট মিস ফায়ার হওয়ার কারণে এই বিস্ফোরণ।

আব্দেল হাকিম যুদ্ধ শুরুর কয়েক মাস আগে সফটওয়্যারে ডিগ্রি অর্জন করেছিলেন। তারা মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরে বসবাস করেন।

তিনি জানিয়েছেন, হাসপাতালে বিস্ফোরণের সময় তার অনেক বন্ধু সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন আহত হন আর অন্যজনের পুরো পরিবার মারা যায়।

ফ্ল্যাশলাইটের আলোয় রেকর্ড করা ভিডিওতে তিনি বলেন, ‘আমার বয়স ২৩ বছর। আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। জানি না আমার কাহিনী প্রকাশ পাওয়া পর্যন্ত বেঁচে থাকব কি না। যেকোনো সময়ে, আমি জঙ্গি বিমানের শিকার হতে পারি।’

আব্দেল হাকিমের কথায়, ‘আমাদের কাছে পানি নেই। ওষুধ, বিদ্যুৎ বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস নেই। ভাই-বোনদের সাথে ভাগ করে নেয়া এক টুকরো রুটি ছাড়া, আমি তিন দিন ধরে কিছুই খাইনি। গত ১২ দিনে আমি এবং আমার পরিবার ১০ ঘণ্টা ও ঘুমাইনি। আমরা খুব ক্লান্ত। উদ্বেগের কারণে আমরা বিশ্রামও নিতে পারছি না।’

তিনি এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা তার বাড়ি থেকে ত্রাণ বিতরণ করছেন।

‘আমরা ত্রাণ সামগ্রী এবং কম্বল প্রস্তুত করছি। শিশুরাও সাহায্য করছে। মিসর থেকে ট্রাক আসার জন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই উদ্যোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি,’ আব্দেল হাকিম বলেছেন।

শুক্রবার, ২০ অক্টোবর
ইসরাইলি বিমান হামলায় আব্দেল হাকিমের বাড়ি গুঁড়িয়ে যায়। সেই ভেঙে পড়া বাড়ির একটি ভিডিও পাঠিয়েছেন তিনি। ওই ভিডিওতে, ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করার সময় পেছনে মানুষের চিৎকার শোনা যাচ্ছে।

আব্দেল হাকিম বলেন, ‘আমরা সবাই বসে ছিলাম যখন হঠাৎ একটি রকেট বাড়িতে পড়ে। আমরা অনেক কষ্টে বের হতে পারলেও আমাদের প্রতিবেশীরা এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। আমরা তাদের খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কাউকে পাইনি। প্রতি মিনিটে, প্রতি ঘণ্টায় আমরা মৃত্যুর ঘেরাটোপের মধ্যে বেঁচে আছি।’

‘আশ্চর্যজনকভাবে আমি এবং আমার পরিবার বেঁচে গেছি। বাড়ির কিছু অংশ ঠিক করছি, যাতে আমরা এখানে থাকতে পারি আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারি,’ তিনি বলেছেন।

বুধবার, ২৫ অক্টোবর
আব্দেল হাকিমের বাড়ির কাছেই আরেকটি বিমান হামলা হয়। গাজায় এখন পর্যন্ত ছয় হাজার ৯৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আব্দেল হাকিম এবার কিছু টেক্সট মেসেজ এবং রুক্ষ কণ্ঠে রেকর্ড করা বার্তা পাঠাতে পেরেছেন।

তিনি লিখেছেন, ‘সাহায্যের জন্য আমি কিছুই করতে পারিনি। চারপাশে শরীরের টুকরো দেখে কেমন যেন স্থবির হয়ে গিয়েছিলাম। এখানে কেউ নিরাপদ নয়, আমরা সবাই শহীদ হতে চলেছি।’

মিসর সংলগ্ন রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। তবে যে পরিমাণ পণ্য আসছে তা গাজার বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় কিছুই নয়।

জাতিসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, ১৪ লাখেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

আদমের পরিবারের জন্য খাবার খোঁজার লড়াই কথাই সবসময়ে তার মাথায় ঘুরছে। তিনি বলেছেন, ‘লাইনে না দাঁড়িয়ে খাবার পেতে আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হয়। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।’

তিনি বলে চলেন, ‘যখন আপনাকে স্কুল প্রাঙ্গণে ঘুমোতে হয়, তখন আপনার ভিতরে একটা ভাঙন ধরে। যখন হাসপাতাল প্রাঙ্গণে ঘুমোতে হয়, তখন আপনার ভেতরে কিছু একটা ভেঙ্গে যায় বৈকি। রুটির জন্য লাইনে দাঁড়ালে অথবা পানির জন্য কাকুতি মিনতি করার সময়ও তীব্র ভাঙন ধরে।’

খালিদ এক বার্তায় বলেন, ‘ওরা ক্রমাগত আমাদের ওপর বোমাবর্ষণ করছে এবং আমরা জানি না কখন রুটি আনতে বাইরে যেতে পারব। খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ নেই। আমরা নষ্ট খাবার, পচে যাওয়া টমেটো খাচ্ছি। ফুলকপি থেকে পোকামাকড় বেরিয়ে আসছে। এটি খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই কারণ অন্য কিছুই নেই। পচে যাওয়া অংশগুলো ফেলে দিয়ে বাকিটাই খেতে হবে।’

ফরিদার পরিবার উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘আমরা দক্ষিণে থাকার কোনো জায়গা পাইনি। সামান্য প্রয়োজনের জিনিসও আমাদের কাছে ছিল না। আমরা যেখানে ছিলাম, সেখানে ক্রমাগত বোমাবর্ষণ চলছিল। নিজেদের সম্মান রক্ষার খাতিরে অন্তত আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। দিনে যদি চার-পাঁচ মিনিটও শান্তিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি তাহলে আমরা খুবই খুশি হয়ে যাই।’

ফিরে আসার অল্প সময়ের মধ্যেই বোমা হামলায় ফরিদার বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় আর রাস্তা ধ্বংস হয়ে যায়।

শুক্রবার, ২৭ অক্টোবর
ইসরাইল তাদের স্থল আক্রমণের তীব্রতা বাড়ানোর সঙ্গে সঙ্গে গাজায় ইন্টারনেট এবং ফোন পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ কারণে ৪৮ ঘণ্টা যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল। আমরা আদম, আব্দেল হাকিম, ফরিদা ও খালিদের সাথে যোগাযোগ করতে পারিনি।

নেটওয়ার্ক চালু হলে তারা পরিস্থিতির বর্ণনা করেন।

আব্দেল হাকিম র্তা পাঠিয়েছেন, ‘গত রাতে ভারী বোমাবর্ষণ হয়েছিল। যোগাযোগের কোনো উপায় নেই। অ্যাম্বুলেন্সও মানুষের কাছে পৌঁছতে পারবে না, তাই আক্রান্তরা ঘটনাস্থলেই মারা যাচ্ছেন।’

আদম তার বার্তায় জানান, ‘আল্লাহকে ধন্যবাদ, আমি ভালো আছি। কিন্তু যে সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই সময়, বাবা মারা যান। তার আত্মা শান্তিতে পাক। আমি পুরোপুরি অসাড় হয়ে পড়েছিলাম সে সময়ে, এমনকি আমার কাছের লোকদেরও কিছু বলতে পারিনি। সেই সময় কী ঘটেছিল তা ও বলতে পারিনি।’

ফরিদা কান্না ভেজা কণ্ঠে বলেন, ‘আমার বন্ধু মারা গেছে এবং আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমার ভাই আহত হয়েছে। এই কষ্ট আমায় কুঁড়েকুঁড়ে খাচ্ছে। আমরা ঠিক নেই। আমরা পুরোপুরি ভেঙে পড়েছি।’

খালিদ বলেন, ‘দিনটি মোটামুটি স্বাভাবিক ছিল। তবে যখন ইন্টারনেট কাজ করা শুরু করলে আমরা খবর পেতে থাকি। বাড়ির পর বাড়ি, ব্লকের পর ব্লক ধ্বংস হয়ে গেছে। পুরো পরিবারের সবাই মারা গেছে। পরিস্থিতি খুবই ভীতিকর। ওরা প্রথমে আমাদের পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয় আর তারপর গণহত্যা শুরু করে।’

সোমবার, ৩০ অক্টোবর
ইসরাইলি ট্যাঙ্কগুলো গাজা সিটির দিকে এগিয়ে আসছে এবং সালাহ আল-দিন রোড থেকে সেগুলো দেখা যায়। এটি উত্তর গাজা থেকে দক্ষিণ গাজা পর্যন্ত প্রধান ‘নিরাপদ সড়ক’।

খালিদের শেষ বার্তা, ‘আমি যাচ্ছি না। এখন আমরা ভাবছি, হে আল্লাহ, পরবর্তী বোমা কখন পড়বে যাতে আমরা সবাই মরতে পারি এবং শান্তি পাই।’

এটাই খালিদের কাছ থেকে পাওয়া শেষ বার্তা।

এরপরে ৩১ অক্টোবর তিনি যে অঞ্চলে থাকতেন, সেই জাবালিয়ায় ইসরাইলি বিমান হামলার পর থেকে তার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ১০১ জন নিহত ও ৩৮২ জন আহত হয়েছেন।

ফরিদা বলেন, ‘আমার কিছু স্বপ্ন আছে। আমার পরিবার এবং বন্ধুদের একটি বিশাল বৃত্ত রয়েছে। জীবনটা ভারি সুন্দর।’

‘আমরা যখন মরে যাব, তখন কী ঘটছিল সে সম্পর্কে কেউ কিছুই জানবে না। দয়া করে আমি যা বলছি তা লিখে রাখুন। আমি আমার কথা পুরো বিশ্বকে জানাতে চাই। কারণ আমি কেবল একটি সংখ্যা নই,’ বলেছিলেন ফরিদা।

আদমের বার্তা, ‘আমি আপনাদের এ পুরো ঘটনাটি জানিয়ে রাখতে চাই, যাতে এটা নথি হিসাবে থেকে যায়, যাতে বিশ্ব চিরকাল লজ্জা বোধ করে যে আমাদের সাথে যা হল, তারা সেটা ঘটতে দিয়েছে।’

জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় গণহত্যা রোধে সময় দ্রুত ফুরিয়ে আসছে।

প্রথম চার সপ্তাহে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এর মধ্যে চার হাজারেরও বেশি শিশু রয়েছে।

সূত্র : বিবিসি