বাংলাদেশ প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা বিদেশিদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের বিরক্ত করলে জবাব কীভাবে দিতে হয়, তা আমাদের জানা আছে।
শুক্রবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় মসজিদে জুমার নামাজ আদায় শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা খুব বাস্তববাদী। তারা ১৯৭১ সালে আমাদের সঙ্গে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে, আমরা সেই আশাই করছি।
ড. মোমেন বলেন, দেশের অবস্থা খুব ভালো ও নির্বাচনের জোয়ার বইছে। দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি, সেই পরীক্ষায় আপনারা আমাদের পাস করাবেন।

