রংপুরের ৬টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ;  আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ

0
রংপুরের ৬টি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ;  আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ

জয়নাল আবেদীনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে গংগাচড়া বদরগঞ্জ রংপুর সদরে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে নেতা কর্মীরা ।

এদিকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন রংপুর-১ আসনে অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান এবং রংপুর-৬ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। অ্যাডভোকেট রেজাউল করিম রাজু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রংপুর জেলা ছাত্রলীগ ছিলেন।এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। এলাকায় তিনি ডিউক চৌধুরী নামে বেশি পরিচিত। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তুষার কান্তি মন্ডল। তিনি বর্তমানে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি । এছাড়াও তিনি রংপুর ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য তিনি। বর্তমানে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির তিনি সদস্য হিসেবে রয়েছেন।

রংপুর-৩ আসনে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নেই। বর্তমানে এই আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে চতুর্থবারের মতো প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি ২০০৮ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে এবারই প্রথম দলীয় মনোনয়ন পেয়েছেন রাশেক রহমান। তার বাবা বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী।রাশেক রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য। তিনি এবারই প্রথম দলীয় প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। রাশেক রহমান দীর্ঘদিন ধরে এলাকার তারুণ্যের সঙ্গে মেলবন্ধন তৈরি করে জনসচেতনতামূলক বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে গতবারের মতো এবারে নৌকার হাল ধরতে মনোনয়ন পেয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন পীরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব¡ পালন করেছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেইসঙ্গে সিপিএ নির্বাহী কমিটির চেয়রপার্সন।