ঈশ্বরদী প্রতিবেদক: ঈশ্বরদী হয়ে চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট অপরিবর্তিত রাখা এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী স্টেশন থেকে চালুর দাবি জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। এ বিষয়ে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ দাবি তুলে ধরেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে এমপির ব্যক্তিগত সচিব জানিয়েছেন।
সাক্ষাৎকালে এমপি আবু তালেব মন্ডল বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুধু ঈশ্বরদী নয়, কুষ্টিয়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বৃহত্তর অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রেনটি ঈশ্বরদী রুট হয়ে চলাচল অব্যাহত রাখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। জনস্বার্থ বিবেচনায় চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার জন্য তিনি রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঈশ্বরদী স্টেশন থেকে চালুর দাবি জানান তিনি। এতে ঈশ্বরদীসহ আশপাশের এলাকার যাত্রীদের রেল যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।
এ সময় রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এমপি আবু তালেব মন্ডলকে আশ্বস্ত করে বলেন, এলাকার সংসদ সদস্য হিসেবে তাঁর উত্থাপিত দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রুট হয়ে চলাচল অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঈশ্বরদী হয়ে চালুর বিষয়েও তাঁকে আশ্বস্ত করেন রেল সচিব।
রেল সচিবের এমন আশ্বাসে ঈশ্বরদীসহ বৃহত্তর পাবনা অঞ্চলের রেলযাত্রীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) রেল ভবনের এক সভায় খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী চিত্রার রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

