ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক বাদল খান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আরাজিদেবু গ্রামের বাদল খানের ছেলে আব্দুল্লাহ আল সাজিদ সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর ৪র্থ শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। ওই স্কুল থেকে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক পরিচালিত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড বৃত্তি পরীক্ষা গত ৮ ডিসেম্বর ও ৯ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল সাজিদ সেই বৃত্তি পরীক্ষা দিতে এসে জানতে পারে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ তার বৃত্তি পরীক্ষার ফরম ফিলাপ করেন নাই। পরীক্ষার্থী আব্দুল্লাহ আল সাজিদ কাঁন্নাকাটি করে পরীক্ষা কেন্দ্র থেকে চলে যায়।
অভিভাবক বাদল খান জানান, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আমার ছেলের বৃত্তি পরীক্ষার জন্য পরীক্ষার ফি, কোচিং, প্রাইভেট ফি নিয়েছেন। কেন আমার ছেলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারল না। এর সঠিক বিচার চাই। এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আব্দুল্লাহ আল সাজিদ সঠিক সময়ে ফরম ফিলাপের টাকা জমা দেয়নি। তাই তার ফরম ফিলাপ করা হয়নি। ফরম ফিলাপ না করায় সে বৃত্তি পরীক্ষা দিতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, অভিযোগ দেখে ব্যবস্থা নেয়া হবে।

