জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের দুটি আসন থেকে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা ছিল। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনী তফসিল মোতাবেক ১৮ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাট-১ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনিত প্রার্থী আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন ও জয়পুরহাট-২ আসন থেকে জাকের পার্টির মনোনিত প্রার্থী মো: গোলাম রসুল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন জয়পুরহাট- ১ ও জয়পুরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য পৃথক দুটি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জয়পুরহাট-১ আসন থেকে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করলেও জয়পুরহাট-২ আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী আরও জানান, প্রত্যাহারের পরে জয়পুরহাট-১ আসনে ৭ জন প্রার্থী থাকলেন এবং জয়পুরহাট-২ আসনে থাকলেন ৮ জন প্রার্থী। জয়পুরহাট-২ আসনে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আতোয়ার হোসেন পরে নির্বাচন কমিশনে আপিল করে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন বলেও জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, জয়পুরহাট-১ আসনে থাকা ৭ জন প্রার্থীর মধ্যে রয়েছেন সামসুল আলম দুদু (আওয়ামীলীগ), মো: রুকুনুজ্জামান (এনপিপি), একেএম মোয়াজ্জেম হোসেন (জাতীয় পার্টি), মো: মাসুম (তৃণমুল বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা এবং জহুরুল ইসলাম । জয়পুরহাট-২ আসনে থাকা ৮ জন হচ্ছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন (আওয়ামীলীগ), আবু সাঈদ (এনপিপি), আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন (জাসদ), মো: নয়ন (বাংলাদেশ কংগ্রেস) , আবু সাঈদ নুরুল্লাহ ( জাতীয় পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন আব্দুর রাজ্জাক সরদার, আতোয়ার রহমান ও গোলাম মাহফুজ চৌধুরী (অবসর)। তপসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারী’২০২৪।

