নৌকা প্রতীক না পেয়ে ফেসবুকে লিখলেন ‘মনে হয় কোন জন্মে পাপ করেছি’

0
নৌকা প্রতীক না পেয়ে ফেসবুকে লিখলেন ‘মনে হয় কোন জন্মে পাপ করেছি’

বাংলাদেশ প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পান কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ। পরে দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

আশা ভঙ্গ হওয়ায় আজ সোমবার তার ফেসবুক আইডিতে বগুড়া-২ ও বগুড়া-৩ আসনের আওয়ামী লীগ নেতাদের ছবি দিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘মনে হয় কোন জন্মে পাপ করেছি’। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে দ্রুত স্ট্যাটাসটি সরিয়েও নেন তিনি।

কাহালু ও নন্দীগ্রাম দুই উপজেলা নিয়ে বগুড়া-৪ সংসদীয় আসন। সর্বশেষ ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে নন্দীগ্রামের আওয়ামী লীগ নেতা শহীদুল আলম দুদুকে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল।

২০০৮ নির্বাচনে ১৪ দলীয় জোট গঠনের পর থেকে জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। ২০১৪ সাল ও ২০২২ সালের উপ-নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হোন। প্রায় ২২ বছর পর আসনটিতে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নৌকা প্রতীক পেয়ে দুই উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত ছিলেন।

তবে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি হওয়ায় বগুড়ার তিনটি আসন থেকে দলীয় প্রার্থীদের প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ। এর মধ্যে বগুড়া-৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজকে সরিয়ে আবারও জাসদ নেতা তানসেনকে নৌকা মার্কা দেওয়া হয়।

এ বিষয়ে কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ বলেন, মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। অন্য কোনো কিছু মনে করে দেইনি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।