পতিত স্বৈরাচারকে রাজনীতি বা সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

0
পতিত স্বৈরাচারকে রাজনীতি বা সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশের মাটিতে আর কখনোই রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম’ আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশে সন্ত্রাস করার সুযোগ দেবে না।”

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও জানান, সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। কারা এবং কীভাবে এসব নাশকতার পেছনে কলকাঠি নাড়ছে, সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও দেশবাসী দেখছে।

বর্তমান সরকারের গত প্রায় নয় মাসের কার্যক্রমের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ সময়ে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক তথ্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন এবং সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে—সাংবাদিকতা সেই আস্থার জায়গায় পৌঁছেছে। এই আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার (ইয়েলো জার্নালিজম) বিরুদ্ধে সাংবাদিকদেরই সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

তিনি সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভালো কাজের পাশাপাশি কোনো ভুল বা নেতিবাচক কর্মকাণ্ড থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে—তা সরকারের বা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নেই। এ ছাড়া ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের রাজনৈতিক মতভেদ ভুলে শেকড়ের টানে ঐক্যবদ্ধ থাকার এবং বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন চব্বিশের গণঅভ্যুত্থানের সময়কার কিছু ঘটনা নিয়ে মন্তব্য করেন। তিনি দাবি করেন, “যে সময় নাহিদ এবং আসিফরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিল, হাসনাত এবং সারজিস সেখানে পুকুরপাড়ে বসে জুস খাচ্ছিল। আমার কাছে সব কিছুর প্রমাণ ও রেকর্ড আছে। আমি সবার সঙ্গে কথা বলে গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি।”

তিনি প্রশ্ন তুলে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস কেন জাতির সামনে আনা হচ্ছে না? তাঁর দাবি, নাহিদ ইসলাম সঠিক ইতিহাস রচনা করলে সেখানে হাসনাত ও সারজিসের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসা করার কথাও উল্লেখ করেন তিনি।

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। অনুষ্ঠানে ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।