রাত পোহালেই ভোট: উৎসবের আমেজ নির্বাচন কমিশনে

0
রাত পোহালেই ভোট: উৎসবের আমেজ নির্বাচন কমিশনে

কামাল সিদ্দিকী: রাত পোহালেই ভোট। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাজ সাজ রব, উৎসবের আমেজ দেখা দিয়েছে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫শ’৩৪ জন প্রার্থী। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন ৪শ’৩৬ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯শ’১২টি। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬শ’৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮শ’৪৯ জন। আগামীকাল ৭ জানুয়ারি, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

দিনব্যাপী ১২ কোটি ভোটারের ভোট প্রয়োগের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে নির্বাচন ভবন থেকে। ভোট গণনা শেষ এখানেই বেসরকারি ভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। কমিশন ভবনের ভেতরের লেক ভিউ চত্বরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী ফলাফল পরিবেশন কেন্দ্র। ভেতরে বাইরে লাগানো হয়েছে বড় এলইডি স্ক্রিন। ভিন্ন এক উৎসবের আমেজ নির্বাচন কমিশন ভবনে। ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের সাথে সম্পৃক্তরা। সকলের উদ্দ্যশ্য শান্তিপূর্ণ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়া।