
বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের গণমাধ্যম খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপসাংবাদিকতা রোধে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের আদলে নিবন্ধন প্রক্রিয়া চালু এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এসব তথ্য জানান।
তথ্যমন্ত্রী তার লিখিত উত্তরে বলেন, প্রেস কাউন্সিলকে কেবল একটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে না রেখে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রস্তাবিত আইনের মূল দিকগুলো তুলে ধরে মন্ত্রী জানান, আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বার কাউন্সিলের’ আদলে প্রেস কাউন্সিলকেও সাংবাদিকদের নিবন্ধন দেওয়ার ক্ষমতা প্রদান করা হবে। এর মাধ্যমে সারা দেশের প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ অনলাইন ডেটাবেজ তৈরি করা হবে।
সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান অক্ষুণ্ণ রাখতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্ব থাকবে প্রেস কাউন্সিলের ওপর।
মানসম্মত ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রস্তাবিত আইনে জবাবদিহিতার বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের জন্য আর্থিক জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও মিথ্যা, বানোয়াট বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ, গুজব, ভুয়া খবর (ফেক নিউজ) কিংবা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও মুদ্রণ করলে সংশ্লিষ্ট সংবাদপত্র, সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল স্বতঃপ্রণোদিত হয়ে (নিজ উদ্যোগে) তদন্ত শুরু করতে পারবে এবং প্রয়োজনীয় আদেশ জারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এদিকে, একই অধিবেশনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গণমাধ্যম সংস্কারের এই প্রক্রিয়ায় সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা ও পরামর্শ করছে।
প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিক সংগঠনগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতেই প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করা সাংবাদিক সংগঠনগুলোরই উপযুক্ত কাজ। কে কোন পেশায় প্রবেশ করবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করে দেওয়া সরকারের জন্য সমীচীন নয়।”
মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “আমরা গণমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। তবে স্বাধীনতার নামে যেন গুজব বা অপতথ্য না ছড়ায় এবং সর্বত্র যেন বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত হয়, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর।”
সংশ্লিষ্ট মহলের ধারণা, আইনটি সংশোধিত হলে দেশে হলুদ সাংবাদিকতা কমবে এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা আরও সুসংহত হবে।
