জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড

0
জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ২১ বছর পর ১১ জনের মৃত্যুদণ্ড

এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে চাঞ্চল্যকর ৯ম শ্রেনীর স্কুলছাত্র মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার ১১ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

আজ বুধবার ( ৩১ জানুয়ারী ) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের পুত্র বেদারুল ইসলাম বেদিন, শান্তিনগর এলাকার শাহজাহান মৃধার পুত্র সরোয়ার রওশন সুমন, আরাফাত নগরের মোসলেম উদ্দিনের পুত্র মশিউর রহমান এরশাদ বাবু, দক্ষিণ দেওয়ানপাড়ার মোহাম্মদ আলী মোখলেসারের পুত্র মনোয়ার হোসেন মনছুর, একই এলাকার ওয়ারেছ আলীর পুত্র টুটুল, দেওয়ান পাড়ার আজিজ মাস্টারের পুত্র রানা, তেঘর বিশার কাবেজ উদ্দীন মন্ডলের পুত্র নজরুল ইসলাম, দেবীপুর কাজী পাড়ার মৃত মগবুল হোসেনের পুত্র শাহী, দেবীপুর মন্ডল পাড়ার রফিকের পুত্র সুজন, কাজী পাড়ার নুর হোসেন নুমুর পুত্র রহিম, পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধুরইল আবুল কাশেমের পুত্র ডাবলু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট শহরের প্রামাণিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন ২০০২ সালের ২৮ জুন বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামীরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর শহরেের ভিটি এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে আসামীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর ঘটনার দিন রাতে হাসপাতালে নেওয়া হলে মোয়াজ্জেম মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পরের দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। আসামীদের মধ্যে ৬জন পলাতক রয়েছে। রায়ে উল্লেখ করা হয় মৃত্যু না হওয়া পর্যন্ত আসামীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃর্ত্যু নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।