মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়া পৌর পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধনের উল্লেখ করে অজ্ঞাত আসামিদের নামে এ মামলা দায়ের করেন।
এর আগে মংগলবার দুপুর ২ টার দিকে কে বা কারা জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায় । ঘটনার পর পুলিশ, র্্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে।
এদিকে স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে জগন্নাথ আখড়া নাট মন্দিরের প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

