রংপুরে ক্লুলেস হত্যাকান্ডের আসামী ও বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

0
রংপুরে ক্লুলেস হত্যাকান্ডের আসামী ও বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরে ক্লুলেস হত্যাকান্ডের আসামী ও বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার বেলা ১২টায় নগরীর হাজীরহাটস্থ র‌্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক কামরুল হাসান জানান, গত ৪ জুলাই সকালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের শখের পুল নামক ব্রীজের নিচ থেকে পাথর ব্যবসায়ী শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জুলাই নিহত শাকিলের স্ত্রী সিরাজাম মনিরা খানম আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে শাকিল হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত অপর পাথর ব্যবসায়ী সাইদুর রহমান সোহেলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর র‌্যাবকে জানায়, ব্যবসায়িক আলোচনার জন্য শাকিলসহ সাইদুর ওই ব্রীজের কাছে যায়। এ সময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ব্রীজের রেলিংয়ে বসে থাকা শাকিলকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় সাইদুর। এতে ঘটনাস্থলে শাকিল মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে আসে এবং মোটরসাইকেলে করে দু’জনকে ঘটনাস্থল দ্রুত চলে যেতে দেখে।

অপরদিকে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার মহিপুর বোয়ালমারী সরকারটারী এলাকার পাকারাস্তায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশী চালায় র‌্যাব। এতে ট্রাকের বালুর ভেতরে লুকিয়ে রাখা ১৪০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সিরাজগঞ্জ বেলকুচি দেলোয়া কান্দি এলাকার চাঁদ মিয়ার ছেলে শামীম হোসেন (২৬) ও বগুড়া শেরপুর উপজেলার শিবপুর গ্রামের আহমেদ আলীর ছেলে শহিদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করে। পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।