রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত ৩, আহত ৪

0
রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপারসহ নিহত ৩, আহত ৪

বাংলাদেশ প্রতিবেদক: রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় ওই বাসের চালকসহ আরো কয়েজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর টিটিসি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের হেলপার কুষ্টিয়ার মীরপুরের শাকিব (২৩) ও যাত্রী রাজবাড়ী সদরের বসন্তপুরের বিএম নাজিমদ্দিন (৫০) ও ঘটনাস্থলে নিহত অজ্ঞাত (২৫) যাত্রী। আহত আরো দুই যাত্রীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী লোকাল আমানত শাহ নামের একটি বাস সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর টিটিসি ভবনের সামনে এলে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয় পাঁচ থেকে ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত আরো একজন মারা যান।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী বলেন, ‘ফজরের নামাজ পড়ে স্থানীয় আলিপুর বাজারে গিয়েছিলাম। সেখান থেকে এসে বাড়িতে নাস্তা করছিলাম। হঠাৎ ঘর থেকে বিকট আওয়াজ শুনতে পাই। দ্রুত বের হয়ে রাস্তায় গিয়ে দেখি বাস ছিটকে পড়ে আছে। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাস্তার ওপারে খাদের মধ্যে ট্রাক পড়ে আছে। ঘটনাস্থলেই আমরা একজনের লাশ পাই। আহত পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় হাসপাতালে একজনকে নিয়ে আসা হয়। আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। ফরিদপুরে নেয়ার পথে আরো এক যাত্রী মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকের চালক ও হেলপাররা পলাতক রয়েছে।