বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসানুল হক ইনুকে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। গত ২১ আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।
ডিবি পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয় বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

